আমি মনে হয় নিজেকে বদলে নিয়েছি,দুপুর পেড়িয়ে ধূসর গোধূলি ছুঁয়েছে মন।
আমি আরও বদলে যেতে চাই ঠিক
তোমার মনের মতো হতে পারবো?
ভেঙে চুরমার হয়ে তোমার পাঁচ আঙুলের ভেতর ভাতের লোকমা হতে চাই,ছোট্ট রুটির টুকরো হতে চাই!
তোমার প্রিয় চায়ের পেয়ালা হবো।
বলো!আমি তেমনি বদলে যেতে চাই।
বাঘের নখরে এঁকেছি হরিন শাবকের কাতর চোখ!
শিকারীর জালে আটকে যাওয়া পায়রার মতো,হৃদয়ের কাছাকাছি হোঁচট খাবো।
তোমার বড়শীতে গেঁথে যাওয়া মাছের মতো!
কিংবা তোমার খাঁচায় বাধ্যগত ময়না হবো।
পোষা বিড়াল হবো তোমার পায়ে পায়ে ঘুড়ে বেড়াবো।
তোমার শরীর ঘেঁসে মিউ মিউ শব্দে
রিমোট কন্ট্রোল বাধ্যগত রোবট হবো।
নদীর মতো কতটা বাঁক নিলে তোমার কাছে পৌঁছাতে পারবো?
আর কতোটা অশ্রু ঝরিয়ে নদী হবো?বলো?
সুরভী ছড়ানো কামীনি কিংবা হাস্নাহেনা!
চোখে কাজল খোঁপায় বেলীফুলের মালা কপালে টিপ?
আর কি কি করলে তোমার মনের মতো হবো?
খোলা চুলে বারান্দায় রোদ ছড়িয়ে
কতোটা শ্রাবন আঁকলে চোখে, তোমার প্রিয় হবো।
কতোটা নীশি নির্ঘুম কাটালে প্রেমের সংজ্ঞা চিনবো?
কতোটা অপ্রেমে কাতর চোখ তোমার হৃদয়ে জায়গা পাবে?
আর কতোটা আঘাতে ক্ষত বিক্ষত হলে তোমার মন ছোঁয়া যাবে?