ইবরাহীম খলিল, রাফিক সরকার, ঠাকুরগাঁও থেকে: বিচ্ছিন্ন ঘটনায় শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বড় কোনো অঘটন ছাড়াই ভোটাররা ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটের ৫২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সার্বিকভাবে ভোটারদের উপস্থিতি কম ছিল। কয়েকটি ভোটকেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ করে এমনটাই লক্ষ্য করা গেছে। তবে সনাতন ধর্ম অধ্যুষিত এলাকাতে ভোটার উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
সকাল নয়টার দিকে ঠাকুরগাঁও সদর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের উপস্থিতি একেবারেই কম। প্রিসাইডিং অফিসার মোশাররফ হোসেন আলাপকালে জানান, সকাল ৯টা পর্যন্ত ২ শতাধিক ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৫৫ জন। সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির সিওসহ কেন্দ্রে আসেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম। কর্মকর্তারা জানান, ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ। গতরাত পর্যন্ত প্রার্থীরা যতগুলো অভিযোগ দিয়েছেন, সবগুলো আমলে নেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন বেলা সাড়ে তিনটার দিকে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, অনেক কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড নাই। আমরা ধারণা করছি তারা বিএনপির এজেন্ট। ব্যালট বইয়ে ২০-২৫টা করে আগেই ব্যালটে সিল মেরে রেখেছে। আমরা দেখেছি জাল ভোট মারার অভিযোগে আটক বিএনপি ৫/৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। শিশুদের দিয়ে জাল ভোট দেওয়ানো হয়েছে।
বেলা ১২টার দিকে জেলাসদরের আরাজি গুঞ্জুরগড় উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে মহিলাদের লম্বা লাইন। এলাকাটি সনাতন ধর্ম অধ্যুষিত। প্রিসাইডিং অফিসার মো. শামছুজ্জামান জানান, সেখানে ২০ ভাগ ভোট পড়েছে। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ৪ হাজার ১শ’৩২ জন। একই এলাকার গড়েয়াবাজার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। তবে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
বিকাল সাড়ে ৩টার দিকে কালিকাগাঁও ডি, হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন পাওয়া যায়নি।
জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম চারটার দিকে জানিয়েছেন, সবশেষ আপডেট অনুযায়ী প্রায় ৫২ ভাগ ভোট কাস্ট হয়েছে।
এদিন সকাল ৯টার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসাইন এবং বিএনপির প্রার্থী ফয়সাল আমিন সাংবাদিকদের ব্রিফ করেছেন। দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসাইন জানিয়েছেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে মেনে নেওয়া হবে না। অন্যদিকে মির্জা ফয়সাল আমিন অভিযোগ করেছেন, ডাব এবং বটগাছের এজেন্ট দাঁড়িপাল্লার হয়ে কাজ করছেন। তবে নির্বাচন নিয়ে আমার কোনো আশঙ্কা নেই। এদিকে দুপুরের আগেই দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসায় জাল দেওয়ার চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন ছাত্রদলকর্মী সিয়াম, হিমেল ও মিনহাজ। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির কর্মীদের বিরুদ্ধে জাল ভোট দেওয়া এবং প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আগে থেকেই ব্যালট পেপারে সিল-স্বাক্ষর দিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। দুপুর একটা পর্যন্ত ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মো. আনোয়ার হোসেন।
বিকাল ৪টার দিকে জেলা নির্বাচন কমিশন জানায়, সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো ছিল। ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে। মোট ভোটারের ৫২ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হবে বলেও জানায় নির্বাচন কমিশনের ঠাকুরগাঁও জেলা অফিস।








