1. admin@mannanpresstv.com : admin :
জীবন বিপন্ন হতে পারে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে: সেনাপ্রধান - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

জীবন বিপন্ন হতে পারে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৩ Time View

জীবন বিপন্ন হতে পারে ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল  ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয় তাহলে তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে, বিচারবহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে, সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা (নিরাপত্তা) আমরা দেখবো। মঙ্গলবার বিকালে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংখ্যালঘু ইস্যুতে রাজশাহী বিভাগের আট জেলায় কিছু ঘটেনি বলে জানিয়ে সেনাপ্রধান বলেন, সংখ্যালঘু যে ইস্যুটা আছে, দেখলাম যে, এখানে (রাজশাহীতে) একেবারেই ওরকম কোনো ঘটনা ঘটেনি। রাজশাহী বিভাগের আটটা জেলায় এমন কিছু ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক এবং এই যে একটা সুন্দর পরিবেশ, সেটা সব সময়ই বজায় রাখতে হবে।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করবো। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। সেটার জন্য আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করবো। সেনাপ্রধান বলেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে পুলিশ এখনো কিছুটা ট্রমার মধ্যে আছে। এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে। তখন সব আরও স্বাভাবিক হবে।

সেনাপ্রধান আরও বলেন, আনসার, র‌্যাব, বিজিবিসহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলবো যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাবো। সেই পর্যন্ত আমরা কাজ করে যাবো। জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে কাজ করবো এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাবো। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো যদি সবাই একসঙ্গে কাজ করি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD