এই শহর বড্ড অচেনা, বড্ড বদলে গেছে সব।
এখানে শব্দ আছে, কিন্তু সুর নেই।
আলো আছে, কিন্তু উষ্ণতা নেই।
মুখ আছে, কিন্তু চোখে কোনো সত্যের প্রতিচ্ছবি নেই। আমি যেন এক চলমান ছায়া, যার অস্তিত্ব কেবল নিজের কাছেই স্পষ্ট।
প্রতিদিন নিজেকে জড়ো করি, নিজেই আবার ছড়িয়ে পড়ি নিঃসঙ্গতার ধুলোর নিচে।
এই শহর বদলে গেছে—চেনা মুখ গুলো এখন মুখোশ পরে হাঁটে।
ইট আর কংক্রিটের ভিড়ে হারিয়ে গেছে সেই পুরনো হাসিগুলো।
কোলাহল আছে, তবু কথা নেই।
এই শহর এখন অচেনা, নিজের ছায়াকেও ভয় পাই মাঝে মাঝে।
তবুও বাঁচি। কারণ বাঁচা ছাড়া কোনো পথ নেই।
এই শহরের পাথরের দেয়ালে আমি খুঁজি একফোঁটা মানবিকতা, একফোঁটা আশ্রয়।
হয়তো একদিন কারো চোখে পড়ে যাবে আমার এই নিঃশব্দ আহ্বান।
কেউ হয়তো একদিন থামবে, জিজ্ঞেস করবে—“তুমি কেমন আছো?”
তার আগে পর্যন্ত, আমি আমার নিঃশ্বাসের প্রতিধ্বনিকে সঙ্গী করেই জেগে থাকি, জেগে থাকি প্রতিটি রাত।