কতোটা হাঁটলে পথিক বলবে
কতোটা ভালোবাসলে প্রেমিক বলবে
কতোটা পুড়ে ছাই হলে খাঁটি হবো;
এ-সব প্রশ্নের জবাব তোমায় দিতেই হবে।
পিছুটান ছিঁড়ে হেঁটেছি
পিছন ফিরে একটিবারও তাকাইনি,
সুগন্ধিমাখা ভাঁজকরা রুমাল
লোকসম্মুখে তোমার হাতে গুঁজে দিয়েছি;
বারবার ফিরে আসলেও
বুকে জমানো পাথরকে ভার মনে করিনি।
কতোটা মমতায় জড়ালে আবেগ বলবে
কতোটা কাঁদলে নদী – সাগর হবে
কতোটা অপেক্ষা করলে স্থৈর্য শক্তি বলবে;
এ-সব প্রশ্নের জবাব তোমায় দিতে হবে না।
অনুভূতিগুলো পেঁজা তুলোরমতো উড়িয়েছি
নিরম্বু চোখে দেখেছি শুকনো পাপড়িগুলো
প্রতীক্ষার বাঁধ দিতে দিতে পাহাড় গড়েছি;
ভাবছি এবার ধৈর্যের বাঁধ ভেঙে দেবো-
সব লণ্ডভণ্ড হয়ে যাক, ভেসে যাক সব
শুধু পরে থাক এক আঁজলা মন পোড়া ছাই।
…………………………………
১০/০২/২০২৪@বরিশাল