আমার সাজানো-গোছানো বাগান
তোমার জন্য রেখেছিলাম উম্মুক্ত,
তুমি যখন ফুল নিতে আসতে
আমি ফুলদের বলে দিতাম, যাও
তোমরা আমার হয়ে সুবাস ছড়াও
তাঁর আঙ্গিনা ও গৃহের কোণে কোণে।
তোমার হাতের ছোঁয়ায় আমার বাগান
উজ্জীবিত হয়ে হাওয়ায় দুলে ওঠতো
তোমায় চোখের চাওয়ায় পাপড়িগুলো
আপ্লূত হতো মায়াবী মোহ-মায়ায়
তোমার নিঃশ্বাসে সুবাসিত হতো
বাগানের সবুজ পত্রপল্লব লতাগুল্ম।
তুমি আঁচলে ফুলগুলো নিয়ে যেতে
আমিও যেনো ফুলের সাথে বুকের
উষ্ণতায় শিহরিত হয়ে উঠতাম,
অতঃপর খোঁপায় যে ফুলটি গুঁজতে
আমি পেয়ে যেতাম চুলের মৌ মৌ গন্ধ;
তুমি মালা গেঁথে ফিরে এসো এই নীড়ে।