সুদূর সিন্ধু মরুর পাড়ে শোনো শেষের গান
আমি নয়ন ভরা অশ্রু নিয়ে
ভাঙতে এলাম মান।
আমি দাঁড়িয়ে আছি বাহির দ্বারে
বক্ষ ভরা অভিসারে
প্রাতের আলো অন্তে এসে হলো সবে ম্লান
ভোলো অভিমান।।
তোমার অধিক অনুরাগে অপেক্ষাও মধুর লাগে
তোমার তীরে ভিড়বে তরী
তাই বিরহে আনন্দ জাগে।
ফাগের রাগ মাঘে মিলায়
শ্রান্ত কলতান…
ভোলো অভিমান।।
যতোই মজি গৃহকাজে ভুলতে তোমায় পারি নাযে
এতো আলোর মাঝেও যেন
আঁধার রাতের বেণু বাজে।
আমি বেণুর সুরে সুর মেলাতে
ছুটে এলাম সাঁঝ বেলাতে
এসে দেখি কোন খেয়ালে মগ্ন তোমার প্রাণ।
ভোলো অভিমান।।
তপ্ত শিখায় রবির আলো ক্ষ্যাপা হাওয়ায় মিলিয়ে গেলো
কোন আশাতে আসার লগন
ভগ্নদশায় মগ্ন হলো।
বিলায়ে দিতে আমিত্বকে বিস্ময়ে এই বিশ্বলোকে
তোমার প্রাণে বাঁধতে এলাম
আমার বাঁধনহারা প্রাণ।
ভোলা অভিমান।।
এই চিত্ত শীতল মিলন আশে, আশায় রহি পরবাসে
বিলাস বিজন অশ্রু নাশে
কারা যেন কাঁদে হাসে?
সেই হাসিতে ভুলি যদি
নয়ন জলে বহে নদী অসীম সমান।
ভোলো অভিমান।।