বিশেষ প্রতিনিধি, মান্নান প্রেস টিভি | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘর থেকে তুলে নিয়ে এক কিশোরকে নৃসংশভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা। নিহত কিশোরের দাফন সম্পন্ন করার পরপরই ঘটনার মূল অভিযুক্ত ইয়াবা কারবারি নুরুল ইসলাম ইরানকে ধরে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি এলাকা থেকে উক্ত কিশোরকে তার নিজ ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। পরবর্তীতে তাকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। কিশোরটির মর্মান্তিক মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আজ কিশোরটির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর মূল অভিযুক্ত মাদক কারবারি নুরুল ইসলাম ইরান এলাকায় অবস্থান করছে জানতে পেরে শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, নিহত ইরান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।