গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, সব মামলা প্রত্যাহার, ছাত্র-জনতা হত্যায় দায়ী মন্ত্রী থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনার দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল অনলাইন গুগল মিটে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ সময় বক্তব্য রাখেন- সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। তাদের বক্তব্যে অন্য সমন্বয়কদের সমর্থন আছে কিনা এমন প্রশ্নে তারা জানান, নতুন কোনো কিছু বলা হচ্ছে না। সমন্বয়কদের আগের অবস্থানের আলোকে আমরা কথা বলছি। কারণ তারা কেউ হেফাজতে আছেন। কেউ নিরাপত্তার কারণে যোগাযোগ করতে পারছেন না। আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
কোটা নিয়ে পরিপত্র খেলা বন্ধ করা ও কমিশন গঠন করে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশের মাধ্যমে কোটা সংস্কার করে সংসদে আইন পাস করার দাবি জানিয়ে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, গ্রেপ্তার ও গুম হওয়া নেতাদের মুক্তি এবং সারা দেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যার করতে হবে, গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত জড়িতদের অব্যাহতি এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দিয়ে মাঠে নামবো আমরা।
সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, যে অবিচার চলছে এটা চলতে পারে না। এভাবে দম বন্ধ পরিবেশ থেকে আমরা নিজেদের ও শিক্ষার্থীদের মুক্তি দিতে চাই।