রাজধানীর রায়েরবাজার, বছিলা ও পূর্বাচলে নতুন থানা হবে। এর মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটে অবস্থিত পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এর ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, বসিলা পুলিশ লাইন্সে একটি বড় ধরনের পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। এর বাইরেও আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি।
অন্যদিকে, আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশের সদস্য রয়েছে ২ লাখ ২০ হাজার। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশের জন্য আবাসনের ব্যবস্থা আছে। পুলিশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক।