চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে মসজিদের এক মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রীর পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূ নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, স্কুটি এবং ঘরের মূল্যবান মালামাল সাথে করে নিয়ে গেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মোসা. নাজমা আক্তার (৬০) বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও অভিযোগ:
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।
স্বামী প্রবাসে থাকার সুবাদে চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে নিশাত আক্তারের গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এরই ধারাবাহিকতায়, গত ২৭ জুন দুপুরে মুয়াজ্জিন রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। ঘর ছাড়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নিজের নানার বাড়িতে রেখে যান।
লুটের দাবি ও মালামালের বিবরণ:
বাদী তাঁর অভিযোগে দাবি করেছেন, পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ার সময় নিশাত আক্তার বাসা থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন। শুধু তাই নয়, ঘর থেকে টিভি, ফ্রিজে থাকা মাছ-মাংস, হাঁড়ি-পাতিল এবং আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের একটি স্কুটি মোটরবাইকসহ যাবতীয় মালামাল নিয়ে যান তাঁরা।
এই ঘটনার পর চাটখিল থানা পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে এবং নিখোঁজ গৃহবধূ ও মুয়াজ্জিনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।