1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪ Time View

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ও সকালে উপজেলার কাঁচি ও খিলা বাজার এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৪টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২০৭৩) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন।

নিহত ব্যক্তির নাম মোস্তফা কামাল বাচ্চু (৭০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বাসের আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানীয় নাথেরপেটুয়া জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লাকসাম-লালমাই হাইওয়ে থানা পুলিশ এবং নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

খিলা বাজারে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু:

এদিকে, এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিলা বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় তাসলিমা আক্তার নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। নিহত তাসলিমা উপজেলার খানাতুয়া গ্রামের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু জাফরের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে এবং লাশ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD