তুমি কি জানো নদীর পাড় ভাঙ্গে ক্যান?
ভরা গাঙ ক্যান এত তড়পায়?
পাড় ভাইঙ্গা আবার
গাঙের জলেই আছড়াইয়া পড়ে!
ক্যান পড়ে কইতে পারো?
তুমি কি জানো আসমানের তারা খইসা পড়ে ক্যান?
কিসের এতো গোস্যা আসমানের লগে?
ওতো গোস্যা লইয়া
আবার তার গহীনেই হারায় যায়!
ক্যান যায় কইতে পারো?
তুমি কি জানো জমাট বাঁধা ম্যাঘে ক্যান বাদল অয়?
ম্যাঘের গর্জনে ক্যান আসমান কাঁপে!
কিসের লাইগ্যা হেই ম্যাঘ আবার
আসমানের বুকেই ভাইসা বেড়ায়,
ক্যান ভাসে কইতে পারো?
তুমি কি জানো মানুষ এতো দুঃখ পায় ক্যান?
ক্যান পরাণের মানুষ অন্তর ভাঙে?
এতো মানুষ অথচ অন্তর জুড়াইনার মানুষ কই,
হেই পরাণের মানুষের লাইগ্যাই পরাণ পোড়ায়!
ক্যান পোড়ায় কইতে পারো?