সূর্য যতবার উদিত,ঠিক ততবার
পৃথিবী নিজ কক্ষপথে যতবার ,ঠিক ততবার
উত্তাপের উনুন জ্বেলে অধীর হৃদয়
কৃষ্ণ সাগরের বিস্তীর্ণ ঢেউ রহস্যময়।
আকাশে উড়ে গেল কত শত ভূ-চর
সময়ের খোলে ঘোর-লাগা জোয়ার
তীক্ষ্ণ ফলার মতো উষ্ণ অধর
ভালোবাসার উন্মাদনায় কবিতার ঘূর্ণি বিরহ-কাতর।
সূর্যাস্তের সীমান্তে সমুদ্রের লাল ঢেউ
তখনও অপেক্ষায়—আসবে কেউ
নক্ষত্র আকাশে তারুণ্যের লন্ঠন উৎসব
তবু শেষ নেই প্রতীক্ষার,থেমে যায় কলরব।
বিগ বার্ড পাড়ি দিলো মহাকাশ
স্যাটেলাইট বর্জ্য ঘুরছে পৃথিবীর চতুর্পাশ
তোমার অপেক্ষায় আটকে থাকা নিঃশ্বাস
জ্বলছে উনুন পুড়ছে পাঁজর প্রতীক্ষার নেই শেষ।
কীর্তনখোলা নদী তীরে চন্দ্রদ্বীপ
কষ্টের প্রহরগুলো ঢেউ তুলে ছিপ ছিপ
মস্তিষ্কের সচল নিউরন,বুকের ভেতর প্রেম অনুক্ষণ
পাবলো নেরুদার ভালোবাসার সমুদ্র লবণ।
স্বত্ব সংরক্ষিত
২৪/১/২০২৪