ব্র্যাকের ক্রেডিট প্লাস কার্যক্রমের আওতায় চাঁদপুর-০৩ অঞ্চলের নাথেরপেটুয়া এরিয়া অফিসে কৃষি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও হাঁস-মুরগির বাচ্চা বিতরণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের উন্নয়ন, হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা, উপযুক্ত বাসস্থান প্রস্তুতকরণ এবং ক্ষুদ্র কৃষি উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের দক্ষ ও সফল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে নাথেরপেটুয়া এরিয়া অফিসে ১১ জন সদস্যের মাঝে ১১০টি হাঁসের বাচ্চা এবং ৩৫ জন সদস্যের মাঝে ৩৫০টি ফাওমি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক নাথেরপেটুয়া এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জানে আলম, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. সুজন আহমেদ, শাখা ব্যবস্থাপক (দাবি) হামিম হোসেন, রিজিওনাল কোঅর্ডিনেটর (লিড জেনারেশন) মো. আব্দুল লতিফ, মাইক্রো ইন্স্যুরেন্স এক্সটেনশন অফিসার মো. জিহাদ আলম বিজয়সহ উপকারভোগী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল উপকারভোগীর সার্বিক সফলতা, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।