1. admin@mannanpresstv.com : admin :
ডাকাতদের হামলায় লাকসাম থানার ওসিসহ পুলিশের অল্পের জন্য প্রাণরক্ষা, উদ্ধার ৮টি গরু - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ডাকাতদের হামলায় লাকসাম থানার ওসিসহ পুলিশের অল্পের জন্য প্রাণরক্ষা, উদ্ধার ৮টি গরু

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩ Time View

কুমিল্লার লাকসামে ডাকাতদের হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি দল অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ডাকাতদের ফেলে যাওয়া একটি মিনি ট্রাক থেকে ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে লাকসাম উপজেলার বিজরা এলাকা ও পাশের লালমাই উপজেলার ভূশ্চি সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বিজরা এলাকায় টহলরত পুলিশ সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় চলাচলের সময় একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। ঘটনাস্থলে একটি গরুবোঝাই মিনি ট্রাক ও একটি খালি ট্রাক দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলীকে জানানো হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে অভিযান শুরু করেন ওসি। একই সঙ্গে আশপাশের থানাগুলোকে সতর্ক করতে বেতার বার্তা পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল প্রথমে বরুড়ার চন্ডীমুড়া বাজারের দিকে পালিয়ে যায়। পরে লালমাই উপজেলার বাগমারা-ভূশ্চি সড়ক দিয়ে পালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।

একপর্যায়ে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক থামানোর চেষ্টা করলে তারা উল্টো পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ধরে যাওয়ার উপক্রম হয়। এ সুযোগে ডাকাতরা গরুবোঝাই ট্রাকটি ফেলে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায়।

পরে পুলিশ ঢাকা মেট্রো-ন-২০-৮০৩৫ নম্বরের মিনি ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকটিতে থাকা ৮টি গরুর মধ্যে চারটি গাভী ও চারটি বাছুর রয়েছে।

পুলিশ জানায়, গরুবোঝাই ট্রাকটি নীলফামারী থেকে লাকসাম ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে ডাকাতরা ট্রাকটির চালক ও গরুর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে নামিয়ে দিয়ে ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী জানান, পালিয়ে যাওয়া ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে গরুবোঝাই ট্রাকের চালক ও তার সঙ্গে থাকা ব্যক্তির এখনও সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD