নিজস্ব প্রতিবেদক, মান্নান প্রেস টিভি:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলটির হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (১৯ জুন, ২০২৬) সকালে নারায়ণগঞ্জের মাসদাইর ঈদগাহ মাঠে আয়োজিত এক ঐতিহাসিক মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবদুল জব্বার নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত। ইতিপূর্বে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে তার সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জোরালো প্রস্তুতি ও সম্ভাবনা ছিলো। তবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহত্তর জোটের স্বার্থে এবং দলের সিদ্ধান্তে তিনি সেই আসনটি ছেড়ে দিয়েছিলেন। এবার সিটি নির্বাচনে তাকে মেয়র পদে মনোনয়ন দিয়ে দল তার সেই রাজনৈতিক ত্যাগ ও নেতৃত্বের যথাযথ মূল্যায়ন করলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রার্থী ঘোষণার সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে চাঁদাবাজ, দখলদারিত্ব ও অসৎ নেতৃত্বমুক্ত করে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। একই সাথে তিনি অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আবদুল জব্বারকে প্রার্থী ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জ জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এই ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ হলো।