নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দল নেতার স্কুলপড়ুয়া নবম শ্রেণির মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আনোয়ারুল ইসলাম মামুন (২৬), তিনি বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব (বর্তমানে পদ স্থগিত)। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ও আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি বাদী হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার সময় ছাত্রদল নেতা আনোয়ারুল ইসলাম মামুন তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে মামুনকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করতেন এবং জোরপূর্বক বিয়ে করবেন বলে হুমকি দিতেন।
গত ৮ জুন সকালে মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে প্রথমে আলীকদম থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরবর্তীতে জানা যায়, ওই দিন সকালেই আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার ওপর থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ আরও আটজন মিলে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও মেয়ে উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রীর বাবা বলেন,
“আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে সে উদ্ধার হয়নি। আমি দ্রুত আমার মেয়েকে ফিরে পেতে চাই এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তারের দাবি করছি।”
এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপের কথা জানতে চাইলে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জানান, আনোয়ারুল ইসলাম মামুনের পদটি বর্তমানে স্থগিত রয়েছে। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,
“এই ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”