1. admin@mannanpresstv.com : admin :
মরণফাঁদে পরিণত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার অংশ: চরম দুর্ভোগে লাখো মানুষ - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মরণফাঁদে পরিণত ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার অংশ: চরম দুর্ভোগে লাখো মানুষ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী লাখো মানুষ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টিতেই মহাসড়কের এই অংশে সৃষ্টি হচ্ছে হাঁটু সমান জলাবদ্ধতা। পিচ-পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা বৃষ্টির পানিতে তলিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে এই সড়কটি এখন গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা ও জলমগ্ন এই রাস্তার কারণে প্রতিনিয়ত পথচারী, রিকশা, মোটরসাইকেলসহ গণপরিবহনগুলো মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে। এমনকি জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলোও এখানে এসে দীর্ঘ সময় যানজটে আটকে থাকছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে উত্তরাসহ আশপাশের বিভিন্ন এলাকার স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী এবং হাজার হাজার কর্মজীবী মানুষ যাতায়াত করেন। কিন্তু মহাসড়কের এই খানাখন্দের কারণে প্রতিদিনের যাতায়াত এখন তাদের জন্য এক দুঃস্বপ্নের নাম।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। রাস্তার বেহাল দশার কারণে আশপাশের ক্রেতারা এখন আর এই বাজারে আসতে চাচ্ছেন না। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকরাও অতিরিক্ত যানজট ও গাড়ি বিকল হওয়ার ভয়ে এই সড়ক ব্যবহারে অনীহা প্রকাশ করছেন। এতে করে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

টঙ্গীবাসীর যাতায়াত সহজ ও নিরাপদ করতে এই সড়কটি অবিলম্বে সংস্কার করা জরুরি। জনদুর্ভোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই সড়কটি নিরাপদ ও টেকসইভাবে সংস্কার করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD