সাভার (জিরানী বাজার) প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর জিরানী বাজার শাখার উদ্যোগে এক সমসাময়িক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে ইসলামী অর্থনীতির রূপরেখা, গুরুত্ব ও মানবজীবনে এর প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ ইয়াহইয়া তাকী।
প্রধান আলোচকের বক্তব্যে শায়খ ইয়াহইয়া তাকী বলেন, “আজ থেকে দীর্ঘ ৪৩ বছর আগে, ১৯৮৩ সালের ১৩ই মার্চ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক হিসেবে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’ তার গৌরবময় যাত্রা শুরু করেছিল। সেদিনের সেই ছোট্ট চারাগাছটি আজ পত্রপল্লবে সুশোভিত হয়ে, সময়ের পরিক্রমায় বিশাল এক মহীরূহে পরিণত হয়েছে। আজ দেশের প্রায় আড়াই কোটি মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে এর সততা, আমানতদারিতা ও সেবার সুবাস।”
তিনি ব্যাংকিং খাতে শরিয়াহর শতভাগ অনুসরণের ওপর জোর দিয়ে আরও বলেন, “বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় আড়াই কোটি! যার সহজ অর্থ হলো—আজ আমাদের এই প্রিয় বাংলাদেশের প্রতি সাত জন মানুষের মধ্যে একজন মানুষ ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক। এই বিশাল গ্রাহক ভিত্তি প্রমাণ করে যে, এদেশের মানুষ সুদমুক্ত ও কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থাকে কতটা গভীরভাবে ভালোবাসে।”
সমাবেশে জিরানী বাজার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। বক্তারা ব্যাংকের প্রতি গ্রাহকদের এই অবিচল আস্থা ও বিশ্বাস ধরে রেখে আগামী দিনে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।