চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভন ও অনৈতিক সম্পর্কের জেরে এক ওমান প্রবাসীর গোপনাঙ্গ কেটে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর বিরুদ্ধে।
মঙ্গলবার (গতকাল) গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মর্য্যাদপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গুরুতর আহত ওই প্রবাসীর নাম মো: জুয়েল।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওমান থেকে দেশে ফেরেন জুয়েল। দেশে ফেরার পর তার মৃত চাচা মনির হোসেনের স্ত্রী জেসমিন আক্তারের (২৬) সাথে পারিবারিক সূত্রে ঘনিষ্ঠতা বাড়ে। এক সন্তানের জননী জেসমিন আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মধ্যে শারীরিক ও অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।
সম্প্রতি জেসমিনের সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই পরিবার থেকে জুয়েলের বিয়ে অন্য এক জায়গায় ঠিক করা হয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেসমিন আক্তার। মঙ্গলবার রাতে গভীর ঘুমে থাকা অবস্থায় জুয়েলের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
জুয়েলের তীব্র চিৎকার ও আর্তনাদে আশপাশের স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত জেসমিন আক্তার পলাতক রয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে এবং অভিযুক্ত নারীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।