বিশেষ প্রতিনিধি:
শান্তির বাজার থেকে মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। মাত্র সাড়ে ১২ কিলোমিটারের মসৃণ ও পাকা রাস্তায় যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৬০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, যাকে সাধারণ যাত্রীরা “নীরব ডাকাতি” বলে অভিহিত করছেন।
স্থানীয় যাত্রীদের সূত্রে জানা যায়, রাস্তাটি সম্পূর্ণ ভালো এবং যান চলাচলের জন্য উপযোগী থাকা সত্ত্বেও চালকরা নিজেদের ইচ্ছা মতো চড়া ভাড়া আদায় করছে। প্রতিদিন যাতায়াতকারী চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বাধ্য হয়েই এই অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে। প্রতিবাদ করতে গেলে সিএনজি চালকদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেছেন একাধিক যাত্রী।
অহেতুক ও অযৌক্তিক এই অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় সাধারণ জনগণের মধ্যে। এ বিষয়ে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, “কোনো কারণ ছাড়াই মাত্র সাড়ে ১২ কিলোমিটার রাস্তায় ৬০ টাকা ভাড়া নেওয়া সম্পূর্ণ অন্যায়। বিষয়টি দেখার যেন কেউ নেই।”
অবিলম্বে এই রুটে নির্ধারিত ও যুক্তিযুক্ত ভাড়া নির্ধারণের পাশাপাশি চালকদের স্বেচ্ছাচারিতা বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও বোধোদয় কামনা করছেন সাধারণ যাত্রীরা।