বিশেষ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী পদে সাবেক আওয়ামী লীগ নেত্রীর নির্বাচিত হওয়া নিয়ে ব্যাপক রাজনৈতিক তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়েছে। নিয়োগ পাওয়া প্রার্থীর নাম নাজনীন নাহার নাজমা, যিনি মনোহরগঞ্জ উপজেলার ১ নম্বর বাইশগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৮ আগস্ট এই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। ১১টি ইউনিয়নের ৩৮৬ জন প্রার্থীর মধ্যে পরীক্ষা নিয়ে ১০ জন সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়।
নেতাকর্মীদের অভিযোগ ও প্রার্থীর বক্তব্য: চূড়ান্ত তালিকায় নাজনীন নাহার নাজমার নাম দেখে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ। তবে তিনি নিজেকে মেধার ভিত্তিতে নির্বাচিত দাবি করে জানান, বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন।
প্রশাসনের বক্তব্য: সমাজসেবা কর্মকর্তা জানান, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে এবং পরীক্ষায় কারো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হবে।