জীবন এখন —
অদৃশ্য শৈবালের গায়ে জন্ম নেওয়া এক নীরব নদী,
যেখানে স্রোত নেই,
শুধু স্থিরতার দীর্ঘশ্বাস।
হাসি একদিন—অভিমানী পাখির মতো
অচেনা আকাশে উড়ে গেছে;
ঠোঁটের জানালায় এখন কেবল ধুলোর প্রার্থনা।
টেনশনগুলো—লোহার লতার মতো
জড়িয়ে ধরে শ্বাসের ভেতরকার বন,
আর প্রতিটি সকাল
নিজের ছায়াকেই চিনতে ভুলে যায়।
ভালো থাকার অভিনয়
একটি ভাঙা আয়নার ধর্ম—
যেখানে প্রতিটি প্রতিচ্ছবি
অর্ধেক মানুষ, অর্ধেক শূন্যতা।
ভেতরের ক্লান্তি কোনো শব্দ নয়,
সে এক নিঃশব্দ মহাকর্ষ—
যেখানে সমস্ত আলো
ধীরে ধীরে নিজের ভেতরেই ডুবে যায়।
তবু কোথাও,
অদেখা কোনো নক্ষত্র
নিভে গিয়েও আলো পাঠায়;
হয়তো সেই কারণেই
সব শেষ হয়ে যাওয়ার পরও
হৃদয় এখনও—
অপেক্ষার আরেকটি নাম উচ্চারণ করে।