বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
নিহত শিশির বাবু বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় ড্রামার হিসেবে পরিচিত ছিলেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত তার বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
তারা দুজন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোর্শেদ আলম দিলির মোল্লার সন্তান।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারের নামে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। ওই জমির মালিকানা নিয়ে দুই ভাই বিপুল মোল্লা ও শিশির বাবুর মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই বিরোধের জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতাণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে শিশির বাবু গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা।
নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন।
নিহত শিশির বাবুর স্ত্রী ও লিজা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি আহত অবস্থায় আমার স্বামীকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়।
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জানিয়ে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন ঘোর অন্ধকার।
এ বিষয়ে শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরবর্তী সময়ে একজনের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।