কবি কাব্য কবির এর কবিতা- লাল সবুজের ইতিহাস
রাতের বেলা রাতুল সোনা প্রশ্ন করে মাকে,
পতাকার ঐ সবুজ বুকে লাল কেন মা থাকে?
মা বলে তার টুকটুকে লাল শহীদ ভাইদের রক্ত,
সব বাঙালি ওদের প্রতি হয়ে আছে ভক্ত।
মুক্তিযুদ্ধ এদেশেতে যখন খোকা হয়,
চারদিকের অবস্থাটা ছিলো বিষাদময়।
শত্রুসেনা হামলা করে গভীর কালো রাতে,
অমানবিক জুলুম করে বাঙালিদের সাথে।
মায়ের সামনে ছেলেকে খুন,ছেলের সামনে মাকে
নরপশুরা হত্যা করে রাস্তায় ফেলে রাখে।
দেশের জন্য দামাল ছেলে করতে গেলো যুদ্ধ,
মনে ওদের স্বপ্ন ছিলো করবে এদেশ শুদ্ধ।
যুদ্ধ করলো দামাল ছেলে জীবন বাজি রেখে,
অবদানটা রেখে গেছে পতাকাতে এঁকে।
ওদের রক্ত মিশে আছে ধূলো,সবুজ ঘাসে,
ঘাসের বুকে রক্ত ওদের আজও যেন হাসে।
ওদের স্মৃতি রক্ষার্থে এই লাল সবুজের নিশান,
বিজয় দিবস এলে উড়ায় জেলে, তাতী, কৃষাণ।