শাহাদাত হোসেন: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যাদবপুর গ্রামের এক ব্যবসায়ীর পুকুরের জমি দখল করে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই পরিবারটিকে বিভিন্ন চাপ প্রয়োগ ও হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জায়গা বলে দাবি করছেন। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি দ্রুত মিমাংসা না হলে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা। জায়গার মালিক মাহবুব আলম বলেন, বিএস চুড়ান্ত খতিয়ানে আমাদের পৈত্রিক সম্পত্তি। যা বিএস জেএলনং ৩৬৯, দাগ নং ১০৫/১০৬ পুকুরে প্রায় ১৯ শতাংশ জায়গার মালিক আমার পরিবার। কিন্তু এখানে একটি প্রভাবশালী মহল আমাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক মাদ্রাসার নাম করে দখল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন তারা মাদ্রাসার মাহফিলের নাম করে ‘নিজস্ব জায়গায় শুভ উদ্বোধন ‘ এমন হ্যান্ডবিল বিতরণ করে আসছেন। কিন্তু আমাদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মাদ্রাসার নামে কোন জায়গায় ওয়াকফ বা রেজিষ্ট্রেশন করে দেওয়া হয়নি। আমরা এই বিষয়ে কিছুই জানিনা। মাদ্রাসা সভাপতি ইমাম হোসাইন দেশের বাহিরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাদ্রাসা কমিটিতে থাকা সাবেক চেয়ারম্যান মারফত উল্ল্যাহ বলেন, কেউ যদি সেচ্ছায় জায়গা না দেয় তাহলে সেখানে ভবন নির্মাণ সম্ভব নয়। সকলের সম্মতি ক্রমেই আমরা প্রতিষ্ঠান গড়ে তুলবো। মাদ্রাসার শিক্ষক বিল্লাল হোসেন বলেন, মাদ্রাসায় কিছু জায়গা দিবে, কবরস্থানের জন্য কিছু জায়গা দিবে। মাদ্রাসার জায়গাটি এখনো ওয়াকফ হয়নি। তাহলে সেখানে আপনারা মাদ্রাসা উদ্বোধন করবেন কি ভাবে এমন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে পারেন নাই।