একটা দানবীয় মহাঝড় দাও প্রভু,
যে ঝড়টা আসে নাই এই দেশে কভু!
রেমালের চেয়েও ভয়ংকর চারিদিকে
গোড়া থেকে সব উপড়ে ফেলুক শেষে।
যায় যদি যাক, ছিন্ন হয়েই যাক
অনিয়মের সব শিকড়ের বন্ধন,
এক নিমিষেই বন্ধ হয়ে যাক
এ জীবনের সব শেষ ক্রন্দন।
আমার চাওয়া এ গুমোটের অবসান
বক্র হাসি আর হৃদয় খানখান,
মহাঝড়ে আজি সব ঝড় থেমে যাক
তবু মানুষ লুটেরা থেকে মুক্তি পাক।
ঝড় চায় না মিল মালিকের বউ
ঝড় চায় না তাঁদের পড়শি কেউ!
ঝড় চায় না রাজ্যের সেনাপতি
ঝড় চায় না পারিষদ অধিপতি,
নৌ-পদাতিক, অশ্ব, আকাশচারী
আর চায় না পুলিশের ঘাটমাঝি!
নোংরা মানুষ, নোংরা কথার খেল
শুধুই ঢালিছে নোংরা মাথায় তেল,
ঝড় আসুক বানিজ্যের মতিঝিলে
ঝড় আসুক বনেদীর হাতিরঝিলে।
কালিঝুলি মাখা শ্রমিকের দু’টি হাত
মহাঝড় চায়, আসুক দিবস ও রাত।
কৃষক ফসলের ন্যায্য দাম নাহি পায়
মহাঝড় চায়, মজুরি যদি না সে পায়।
মহাঝড় চায়, ওরা মলিন বস্ত্র দেহে
আধপেটা খেয়ে ফুটপাতে পরে থাকে,
অনিশ্চয়তা আর রাত্রির মতো কালো
এমন ঝড়তো লুটেরার থেকেও ভালো,
ঝড়ে ভেসে যাক প্রথাগত সব জ্ঞান
নতুন করে ফিরে পাক সবে প্রাণ।