রাজশাহীতে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে এক শিশুকে বলাৎকারের অভিযোগে রুস্তম আলী নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশ।
রুস্তম আলী তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, সমপ্রতি একই গ্রামের এক শিশুকে মাছ ধরা এবং মোবাইল ফোনের লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে বলাৎকার করে এবং দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় মেম্বারের সহায়তায় থানায় অভিযোগ করে শিশুর পরিবার। ওই অভিযোগের সূত্রধরে তানোর থানা পুলিশ আসামি রুস্তম আলীকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, তিনি ঢাকায় পালানোর জন্য রেলস্টেশনে অবস্থান করছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালাই এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।