মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও তৃণমূলের সাধারণ মানুষের মাঝে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানামুখী আলোচনা চলছে। এই নির্বাচনি আলোচনায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত জনাব শাহ সুলতান খোকনকে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় জোর দাবি তুলছেন তৃণমূলের সর্বস্তরের জনগণ।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেছে, শাহ সুলতান খোকন মনোহরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষের কাছে একজন অত্যন্ত আপনজন ও ভরসার প্রতীক হিসেবে পরিচিত। দলের কঠিন ও দুুর্দিনে যিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের বুকে আগলে রেখেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।
এলাকার সাধারণ ভোটাররা জানান, শাহ সুলতান খোকন অত্র অঞ্চলের মাটি ও মানুষের নেতা এবং প্রবীণ জননেতা আবুল কালাম ভাইয়ের একজন অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে এবং সাধারণ জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলার কয়েকজন সাধারণ নাগরিক ও তৃণমূল নেতাকর্মী বলেন, “আমরা এমন একজন নেতাকে মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যিনি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন এবং এলাকার উন্নয়নে সততার সাথে কাজ করতে পারবেন। সেই বিচারে শাহ সুলতান খোকন ভাই আমাদের প্রথম পছন্দ।”
আসন্ন নির্বাচনকে ঘিরে শাহ সুলতান খোকনের পক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ ও দলের সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে আগামী দিনে স্থানীয় রাজনীতিতে কী সমীকরণ দাঁড়ায়, সেদিকেই এখন সবার নজর।