ইদানীং আকাশের দিকে তাকালে,
মেঘের চেয়েও বেশি অন্ধকার দেখি!
জানালাগুলো খোলা থাকে,
অথচ বাতাস ঘরে ঢোকার আগে
কেমন যেন অনুমতি চায়!
মানুষ দরজা বন্ধ করে, নিশ্চিন্ত হতে চায়,
অথচ নিশ্চয়তা এখন সোনার হরিণ!
কী অস্থির এক সময়!
মানুষ বেঁচে থাকার সমস্ত আয়োজন করছে,
অথচ জীবন তার স্বাভাবিকতা হারিয়ে ফেলছে।
সময়ের সবচেয়ে বড় বিপর্যয়
ভেঙে পড়া নয়,
বরং ভেঙে পড়ার শব্দে
মানুষের অভ্যস্ত হয়ে ওঠা!
একদিন হয়তোবা সব ঠিক হয়ে যাবে,
কিন্তু যারা—–
এই বিভীষিকাময় সময় অতিক্রম করছে,
তাদের চোখে কাঙ্ক্ষিত সেই নীল আকাশ
আগের মতো আর নীল ছড়াবে না।