আমার ভিতরেই তুমি আছো
নিঃশব্দে, নিভৃতে, সযতনে –
বসন্ত বাতাসের রোদেলা আকাশে ও
তোমাকে ছুঁয়ে দেখিনা
তুমি স্পর্শের বাইরে অনাকাঙ্ক্ষিত স্বপ্নের মতো
ভীড় করো মন পাজরে;
পরিযায়ী পাখির মতো ফিরে আসোনা নীড়ে।
বাতাসের কানে, কৃষ্ণচূড়ার লালে
মিশে যাও একমুঠো নিরবতা নিয়ে–
ছুঁয়ে দেখার ইচ্ছেগুলো-
মরীচিকার মতো জমে থাকে বুকের জমিনে।
কখোনো নিরব কথায়, গভীর আবেগে
বুকের কষ্টগুলো দীর্ঘশ্বাসেই হারিয়ে ফেলো ;
শান্ত নদী হয়ে নয়তো উত্তাল ঢেউ হয়ে।
আমি নির্বাক কবি হয়ে ছন্দ মিলাই
তোমার আমার অলিখিত কাব্য নিয়ে।