1. admin@mannanpresstv.com : admin :
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা - মান্নান প্রেস টিভি কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। বক্তব্যে নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশ্যে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত শব্দ ব্যবহার করেন।

নিজের সাম্প্রতিক অডিও ফাঁসের প্রসঙ্গ টেনে আমির হামজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় বছর আগের কোনো সভাপতিকে জুতা মারার ঘটনা কিংবা অন্য কারো গল্পের অডিও এখন তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ২০১২ সাল থেকে তিনি কুরআনের ময়দানে কথা বলছেন, অথচ ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে—এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা দরকার।

নারীদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান দেন। তবে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিল করা নারীদের প্রতি কটাক্ষ করে তিনি আপত্তিকর মন্তব্য করেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন ওই মাঠে মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। একই দিন মাহফিলস্থলে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হলে শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এক জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলি, এমপি আবু তালিবসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে ওই সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। তবে সমঝোতা সত্ত্বেও শুক্রবারের মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD