স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন— দৈনিক ‘প্রাণের বাংলাদেশ’-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং দৈনিক ‘সংবাদ দিগন্ত’-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) গভীর রাতে উত্তরা জমজম টাওয়ার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ঘাতক বাসটি শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমেধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
নির্বাচনী প্রার্থী ছিলেন দুজনেই: নিহত দুই সাংবাদিকের এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের পাশাপাশি স্তব্ধতা নেমে এসেছে। তারা দুজনেই আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
দুই সহকর্মীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাবসহ গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সাথে তারা এই দুর্ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত করে দায়ী চালক ও বাসটিকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।