মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
উৎসবমুখর ও অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম মহোদয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ।
বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে শিক্ষা সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম।
পরবর্তীতে মাননীয় সংসদ সদস্য বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, আজীবন দাতা সদস্য মোঃ শাহজাহান ভূঁইয়া, দাতা সদস্য মোঃ ফারুকুর রহমান, জনাব আব্দুল খালেক মোল্লা, জনাব মোঃ শাহ আলম মুন্সি এবং হুমায়ুন কবির খোকনকে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সরওয়ার জাহান দোলন, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, ইউসুফ ভূঁইয়া, কাজী আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুনাফ, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আবুল কালাম এমপি বলেন, “সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিবর্গ এগিয়ে আসলে গ্রামীণ শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে।” তিনি আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজকে নিজের প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন এবং কলেজটির এমপিওভুক্তকরণসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতির আশ্বাস প্রদান করেন।
এমপিওভুক্তির আশায় দীর্ঘদিন ধরে যেসব শিক্ষক-কর্মচারী বিনা বেতনে মানবসেবামূলক সেবা দিয়ে যাচ্ছেন, তাঁদের মানবিক সহায়তা প্রদান ও আইনি জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রতি তিনি বিশেষ আহ্বান জানান।
শিক্ষাক্ষেত্রে সরকারের বরাদ্দ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই হবে আগামী দিনের দেশের আলোর দিশারী। তাই তোমাদের সুশিক্ষায় শিক্ষিত ও মেধাবী হতে হবে এবং ভালো ফলাফল অর্জন করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক সহায়তা প্রদান করে যাচ্ছেন।
সংবর্ধনা, বক্তব্য ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানটি আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়।