নিজস্ব প্রতিবেদক, শিবালয় (মানিকগঞ্জ):
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ‘মহাদেবপুর মদিনাতুল উলুম মাদরাসা’র হেফজখানা ঘর নির্মাণের জন্য নগদ ১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে ‘শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন’। সংগঠনটিকে শতরূপে ও নব উদ্যমে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনের মহাসচিব জনাব মোজাম্মেল হোসেন মোল্লা।
সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত সংগঠনটির মহাসচিব জনাব মোজাম্মেল হোসেন মোল্লা উপস্থিত থেকে এই অনুদানের অর্থ মাদরাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
অনুদান প্রদানকালে মাদরাসা কমিটির সভাপতি জনাব আব্দুল আজিজ মাস্টার, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও বাদল মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্যিক সম্পাদক ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের এই সামাজিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ মাদরাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।