চলমান এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ পালিত হবে ‘মার্চ টু ঢাকা’। এই কর্মসূচিতে যোগ দিতে সবাইকে আহবান জানিয়েছেন সংগীতশিল্পী ও ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান। আজ সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, আজকে যদি আমি-আপনি ছাত্রদের পক্ষে, ছাত্রদের সাথে না বের হয়ে ঘরে বসে থাকি, তবে নিজেকে আর কোনোদিন আমরা ক্ষমা করতে পারবো না। প্রত্যেক বাবা, প্রত্যেক ভাই, প্রত্যেক বোন, পেশাজীবী, শ্রমজীবী, শিল্পী, কৃষক, দোকানদার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষিকাসহ আপনারা সকলেই অন্তত একটা দিনের জন্য নিজের পেশা ভুলে গিয়ে আজ ছাত্রদের পাশে এসে দাঁড়ান। দেখুন আমরা সবাই মিলে চাইলে যে কোনো অশুভ শক্তি আমাদের সামনে থেকে কীভাবে ধুলার মতো উড়ে যায়। পোস্টে তিনি আরও লিখেন, এতদিন ধরে যারা জুলুম করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করার আজকেই শেষ সুযোগ আপনার। এই অত্যাচারীর তালিকা থেকে নিজেকে সরিয়ে নিন। নিজের ভাই এর উপর আঘাত না করে তাকে রক্ষা করুন। একটা দিনের জন্য আজ মানুষ হয়ে দেখুন কত শান্তি লাগে।