এম এ জলিল লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে বুধবার (২৮ মে) রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী যাত্রীবাহী ট্রেন আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের ধাক্কায় মালবোঝাই আলুর একটি মিনি ট্রাক উল্টে পড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ট্রেনের কয়েকশ যাত্রী। ঘটনাটি ঘটেছে লাকসাম-দৌলতগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থান লাকসাম পৌরসভা কার্যালয়ের অদূরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাস নোয়াখালী রেল গেইট লেভেল ক্রসিংয়ে।
এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ইব্রাহিম মিয়াকে (২৫) আটক এবং মাল বোঝাই ট্রাকটি জব্দ করেছেন।
ড্রাইভার ইব্রাহিম কুমিল্লার নিমসারের বাসিন্দা।
লাকসাম রেলওয়ে স্টেশন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীবাহী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে লাকসাম জংশন ছেড়ে যায়। বিরতিহীন ট্রেনটি দৌলতগঞ্জ রেলস্টেশনের অদূরে আউটার সিগন্যাল সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লেভেল ক্রসিংয়ের কাছে আসলে হঠাৎ মালবোঝাই একটি মিনি ট্রাক এসে পড়লে ট্রেনের ধাক্কায় উল্টে সড়কের ওপর পড়ে যায়।
এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। প্রাণে বেঁচে যায় ট্রেনের কয়েকশ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লেভেল ক্রসিংয়ের একপাশে প্রতিবন্ধকতা থাকলেও অপর পাশে ছিল না। তবে ট্রাক চালক ট্রেন দেখেও না দাঁড়িয়ে লেভেল ক্রসিং পার হতে চেয়েছিলেন ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
মো. জয়নাল আবেদীন নামে একজন প্রত্যক্ষদর্শী জানাযন, ৮টা ১৩ মিনিটের দিকে নোয়াখালীগামী যাত্রীবাহী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর লাকসাম লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় আলুভর্তি একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
ওই প্রত্যক্ষদর্শী আরো জানায়, ওই সময় রেলের গেট বন্ধ থাকলেও ট্রাকচালক রেলের সিগন্যাল অমান্য করে ডিভাইডার দিয়ে উল্টো পথে ঢুকে পড়ে। এ সময় ট্রেন চালক দুর্ঘটনার আশঙ্কায় বারবার হুঁইসেল বাজিয়ে ট্রেনের গতি কমিয়ে দেন।
একপর্যায়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের পিছনের অংশে ধাক্কা লাগে। ফলে ট্রাকটি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় উপকূল এক্সপ্রেস ট্রেনটিও থেমে যায়। প্রায় ১৪ মিনিট পর দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে দুর্ঘটনাস্থলে মালবোঝাই ট্রাকটি উল্টে পড়ে থাকায় প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে লাকসাম থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজনেে সহায়তায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ব্যাপারে লাকসাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মাসুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এবং প্রাণে বেঁচে যায় ট্রেনের কয়েকশ যাত্রী। এ ঘটনায় ট্রাকের চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।