1. admin@mannanpresstv.com : admin :
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিজিবিএম, বিএএম, এনডিসি, পিএসসি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

বিজিবি মহাপরিচালক আজ সকালে রাজধানীর মিরপুরে বিজিবি’র অস্থায়ী নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক সকালে রাজধানী ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিজিবির প্রতিটি সদস্যকে দেশের বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যে কোনো দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

 

নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর থেকে সারাদেশে ৪৮৭টি বেজ ক্যাম্পে ১,১৫৫ প্লাটুন বিজিবি নির্বাচনকালীন দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সন্দ্বীপে প্রথমবারের মত দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিদিন যে কোনো সময়ে বিজিবি’র গড়ে ৭০০টি টহল মাঠে নিয়োজিত থেকে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সারাদেশে নাশকতা এড়াতে বিস্ফোরক দ্রব্যের ওপর বিশেষভাবে প্রশিক্ষিত বিজিবি ডগ স্কোয়াড দেশের বিভিন্ন স্থানে কাজ করছে। একইসাথে নির্বাচনী সহিংসতারোধে যে কোনো অলি-গলি ব্যবহার করে খুব দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ও ত্বরিত ব্যবস্থা নিতে মাঠে কাজ করছে বিজিবি’র বিশেষায়িত ফোর্স Rapid Action Team (RAT)। এছাড়া বিজিবি’র Quick Response Force (QRF) ও প্রস্তুত রয়েছে যারা বিজিবি’র অত্যাধুনিক হেলিকপ্টারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন হওয়ার সক্ষমতা রাখে।

সার্বিকভাবে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়পূর্বক নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণরূপে প্রস্তুত আছে বলে বিজিবি মহাপরিচালক জানান। জানমালের নিরাপত্তা বিধানে যে কোনো নাশকতা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মহাপরিচালকের পরিদর্শনকালীন বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD