মোঃ হুমায়ুন কবির মানিকঃ
কুমিল্লার মনোহরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” বিষয়ক আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হানিফ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুস, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম কাদের চৌধুরী, খিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহুল আমিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্য বাংলা ভাষার উন্নয়ন ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের লক্ষ্যে কাজ করে গেছেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে যে ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করেছেন, তা ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ পৃথিবীর সব রাষ্ট্রে দিবসটি পালিত হয় এবং বিনম্র শ্রদ্ধা স্মরণ করা হয় ১৯৫২ সালে মাতৃভাষার জন্য বাঙালির ঐতিহাসিক আত্মত্যাগকে। বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্বে মাতৃভাষার জন্য সেদিন যে সংগ্রামের সূচনা হয়েছিল, সে চেতনায় ধাবিত হয়ে বাংলার মানুষ অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিয়োগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দিবাগত রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।