মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে গোলাম মাহবুব ছোবহানী নামের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।
অভিযোগকারী গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক। তিনি ‘দৈনিক মাতৃছায়া’র লাকসাম উপজেলা প্রতিনিধি এবং ‘বাংলা নিউজ ২৪’-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘লাকসাম সিটি নিউজ’ (LaKsam City News) নামের একটি ফেসবুক পেজ ও অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ অক্টোবর সাংবাদিক ছোবহানী তাঁর পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ পেজে একটি সংবাদ পোস্ট করেন। সংবাদটি প্রকাশের পর পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা মনজুরুল হক নামের এক ব্যক্তি ক্ষিপ্ত হন। পরবর্তীতে অভিযুক্ত মনজুরুল হক হোয়াটসঅ্যাপ ও পেজের ইনবক্সে সাংবাদিক ছোবহানীকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।
সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী জানান, “সংবাদ প্রকাশের জেরে আমাকে প্রকাশ্যে হুমকি, ধমকি ও অশালীন আচরণ করা হয়েছে, যার যাবতীয় প্রমাণ আমার কাছে সংরক্ষিত রয়েছে। লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। ভবিষ্যতে আমার ও পরিবারের কোনো ক্ষতি হলে এই ব্যক্তিই দায়ী থাকবেন। প্রয়োজনে আমি সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করব।”
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী সাধারণ ডায়েরি (জিডি) করার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত মনজুরুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।