কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে অবস্থিত হাজার বছরের ঐতিহ্যবাহী ‘রাখাল রাজার বাড়ি’ দক্ষিণ কুমিল্লার ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। বর্তমান কমলপুর চৌধুরী বাড়ি নামে পরিচিত অর্ধশতাধিক একর জায়গাজুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ির নির্মাণশৈলী, কারুকার্যখচিত দালান, প্রাচীন দেওয়াল ও প্রবেশদ্বার মনে করিয়ে দেয় মুঘল আমলের স্থাপত্যের নিখুঁত নিদর্শন।
ব্রিটিশ শাসনামলে এই জমিদার ধীরে ধীরে একজন অত্যাচারী স্বৈরশাসকে পরিণত হন। বিশেষ করে স্থানীয় মুসলিম নারীদের ওপর তাঁর নানা অপকর্ম ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। জনতার তীব্র প্রতিরোধের মুখে পড়ে রাখাল রাজা তাঁর আত্মীয় গিরিশ চন্দ্র মজুমদার ও কালামনা মজুমদারের কাছে বাড়িটি বিক্রি করে পালিয়ে যেতে বাধ্য হন।
পরবর্তীতে ১৯৬৫ সালের ঐতিহাসিক হিন্দু-মুসলিম দাঙ্গার সময় তৎকালীন মালিক গিরিশ চন্দ্র ও কালামনা বাড়িটি স্থানীয় মজিদ পণ্ডিতের কাছে বিক্রি করে ভারতে চলে যান। মজিদ পণ্ডিত বাড়িটির মূল অবকাঠামো অপরিবর্তিত রেখেই সেখানে বসবাস শুরু করেন। ১৯৭১ সালের স্বাধীনতার পর মজিদ পণ্ডিতের ইন্তেকালের পর তাঁর তিন ছেলে সম্পত্তির উত্তরাধিকারী হলেও তাঁরা দেশের বাইরে থাকায় বাড়ির দেখভালে উদাসীন হয়ে পড়েন।
২০০৬ সালের দিকে আমেরিকার প্রখ্যাত ক্যান্সার গবেষক ডা. শামসুদ্দিন সাহেব গ্রামে এসে এই ঐতিহাসিক বাড়িতে একটি ‘ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) প্রতিষ্ঠাতা ও প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর সাথে তাঁর সুসম্পর্কের সুবাদে তিনি প্রথমে চার কিলোমিটার রাস্তা পাকা করার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে একটি কুচক্রী মহলের বাধার মুখে পড়েন এই গবেষক। স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁর লোকজনকে আহত করে এবং মালামাল চুরি ও ডাকাতির ঘটনা ঘটায়। এমনকি স্থানীয়দের অসহযোগিতা ও সালিসে সঠিক বিচার না পাওয়ায় হাসপাতালের মতো একটি জনকল্যাণমূলক কার্যক্রম চিরতরে বন্ধ হয়ে যায়।
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শত ঐতিহ্যের এই বাড়িটি আজ রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে। বর্তমানে ঐতিহাসিক এই প্রাঙ্গণে মাদকসেবীদের আনাগোনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
তবে আশার কথা হলো, আমেরিকা প্রবাসী বর্তমান মালিকের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, সরকার যদি যথাযথ উদ্যোগ নেয় তবে এই ঐতিহাসিক স্থানে একটি আধুনিক মানের হাসপাতাল বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে তাঁর কোনো আপত্তি নেই।
দক্ষিণ কুমিল্লার এই প্রাচীন ঐতিহ্য রক্ষা করতে এবং জনস্বার্থে একটি মানসম্মত চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।
মোঃ জাহাঙ্গীর আলম
সহকারী অধ্যাপক, কবি, লেখক ও গবেষক