বুক ভেঙ্গে বেড়িয়ে আসে এক একটি দীর্ঘশ্বাস,
নিভৃতে একাকী মনোবেদনায়
শুধুই নীরব নিথর অশ্রুজলে।
প্রতিদিন কত কত মৃত্যু চারিদিক
কত শোক ,কত খান্ডবদাহন!
নীরবে নিভৃতে যে মৃত্যু
গোপনে খুব গোপনে ,যা দাহ হয়,
হৃদপিন্ডের রক্তনালীর শিরায় শিরায়।
সেই কষ্ট কেউ দেখে না
শোকে উদ্বেলিত হয় না কেউ,
সেই মনের ভিতর অন্ধকার
কবরের ,দীর্ঘশ্বাস চেপে রাখতে রাখতে,
একসময় সে দীর্ঘশ্বাস! চোখের জলে ভাসে।
সেই রাতগভীরে সৃষ্টি হয়
কত নদী ,সাগর ও মহাসাগর,
কেউ তা জানে না
কত ঝরাপাতা ! কত তুষারঝড়,
অবিরাম বয়ে যায় সেই নদী ও সমুদ্রজলে।
এক একটি দীর্ঘশ্বাস এক একটি ঢেউ
সেই ঢেউয়ের দোলায় ভেসে যায়,
ভেসে যায় শোক সন্তাপ ,
কখনও ফিরে আসে প্রেম ,সেই সমুদ্রজলে
দীর্ঘশ্বাসের ,অবিমিশ্রিত বসন্ত বাতায়নে।