তোমাকেই ভাবছিলাম
ভাবতে ভাবতে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত
তারপর রাত পেড়িয়ে ভোর…
আমার সবটুকু সময় কেড়ে নিয়ে কি সুখ তুমি পাও?
তোমার রাগ, অভিমান বা অহংকার কিছুই আমি ঠিক বুঝতে পারি না…
কৃষ্ণচূড়া খোঁপায় গুঁজে তুমিই একদিন বলেছিলে, এই বসন্ত শুধু আমার…
এখন বসন্তের বয়স কত তুমি বলতে পারো…
আমি জানি, অন্তত চার চারটে বসন্ত কেটে গেছে।
অত্যাচারী কোন শত্রুর মহা প্রলয়ে আমার দুর্দিন শুরু হয়েছে…
কৃষ্ণচূড়া বোধহয় ভালোবাসায় বেহাল আজ…
তাই আর আমার কাছে আসে না।
গাছে গাছে এখন আমের মুকুল
মৌমাছির গুন্ গুন্…
এতো রং এতো আবেশ এতো প্রেম
তবুও কোথাও কিছু নেই।
আমার লাল পেড়ে হলুদ শাড়িতে ভুল ঋতুর দাগ লেগেছে…
বসন্তের মাতলামো সেখানে নেই।
আসলে বসন্ত কখনো আমার ছিল না।
০৩.০৩.২০২৪
রাত:-১১:২৪
কুমিল্লা।