রেজাউল কবির রাজিব, টঙ্গী (গাজীপুর):
জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, এক কোটি টাকা চাঁদা দাবি এবং আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের টঙ্গীতে সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলসহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর চোখ-মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সেখানে তাঁকে মারধর করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা এবং মাদকসংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না করার হুমকি দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়, তাঁকে অন্য একটি স্থানে নিয়ে এক নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়। ভবিষ্যতে হাজীর মাজার বস্তি এলাকার মাদক ও সন্ত্রাসসংক্রান্ত বিষয়ে ফেসবুক লাইভ বা সংবাদ প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মহিন উদ্দিন রিপনের দাবি, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর জ্ঞান ফিরে আসে।
এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, সাংবাদিক রিপন তাঁর সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত ব্যক্তি তাঁকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।”
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক মহিন উদ্দিন রিপন।