রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মনোহরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত এলাকা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
শনিবার (২৮ নভেম্বর) মনোহরগঞ্জ উপজেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত তিনজন নিকাহ রেজিস্ট্রার—১১ নম্বর বিপুলসার ইউনিয়নের কাজী মাসউদ আলম, ২ নম্বর সরসপুর ইউনিয়নের কাজী আবদুল্লাহ এবং ৩ নম্বর হাসনাবাদ ইউনিয়নের মো. আনিছুর রহমানকে আমন্ত্রণ জানানোর তালিকা করা হয়েছিল বলে জানা গেছে। তবে আয়োজকদের পক্ষ থেকে তাঁদের চিঠি বা মুঠোফোনের মাধ্যমে অবহিত করা হয়নি বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রাররা।
এ কারণে তাঁরা বিলম্বে কর্মশালায় উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন। পরে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে অবহিত করেন তাঁরা।
কর্মশালায় বিলম্বে উপস্থিতির জন্য মনোহরগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাসউদ আলমের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সব উদ্যোগ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।