মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
“গাছ লাগান, জীবন বাঁচান” — এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম এমপি মহোদয়ের পক্ষ থেকে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক
জিএম আহসান উল্লাএর অর্থ্যায়নে মৈশাতুয়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এবং মৈশাতুয়া ইউনিয়নে সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক-কৃষাণী, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন জাতের ফলদ, ফুল, ওষুধি ও কাঠের চারা উপহার হিসেবে প্রদান করা হয়।
চারা বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতেই এই চারাগুলো বিতরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নিজ নিজ আঙিনায় চারা রোপণ ও তা পরিচর্যার আশ্বাস দেন।