ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব। প্রাথমিকভাবে সব প্রতিষ্ঠানকে অনুদানের আওতায় আনার পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে বেশি অর্থের প্রয়োজন, সেগুলো পরবর্তী সময়ে বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনের আগে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভালো কাজের সঙ্গে থাকবেন এবং ভালো কাজগুলো ঐক্যবদ্ধভাবে করবেন। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন। এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে যাঁরা কাজ করছেন, তাঁদের পাশে থাকতে বারবার নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এলাকার অনেক বিত্তবান ব্যক্তি নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করছেন। তাঁদের এসব উদ্যোগে সরকারের পক্ষ থেকে এবং ঢাকা-৯ আসনের পক্ষ থেকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁরা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এই সময়টুকু মানুষের পাশে থেকে যাঁরা ভালো কাজ করছেন, তাঁদের উৎসাহিত করতে চান। সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে ভালো কিছু করা সম্ভব।
অনুদানের বিষয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, ইতিমধ্যে প্রায় সব মসজিদ-মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা করে অনুদান দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন তাঁরা। বিগত দিনে হয়তো ৩০, ৪০, ৫০ হাজার কিংবা এক লাখ টাকা দেওয়া হতো। এবার তাঁরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তাঁরা চান, সব মসজিদ ও মাদ্রাসা যেন অনুদান পায়। যেসব প্রতিষ্ঠানে ইতিমধ্যে বেশি উন্নয়ন হয়েছে, সেগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা হবে। আর যেসব প্রতিষ্ঠানে আরও বেশি অনুদান প্রয়োজন, সেগুলোকেও পরবর্তী সময়ে গুরুত্ব দেওয়া হবে।
এ সময় উপস্থিত মুরুব্বিদের কাছে ভবিষ্যতেও পরামর্শ ও উপদেশ চান হাবিব। তাঁদের ভালোবাসা, স্নেহ ও দোয়া নিয়ে আগামী দিনেও এসব কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।