ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা ব্যাপক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল দিনভর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। গাজীপুরে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুর ও সাভার-আশুলিয়া অঞ্চলের বহু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আরিচাসহ প্রধান সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা জনজীবনে মারাত্মক দুর্ভোগ বয়ে আনে। রাজধানীর মিরপুর ও কাফরুলে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে গতকাল দিনভর উত্তেজনা ও সংঘর্ষ ঘটে। শ্রমিকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রাবার বুলেটে হাওয়া বেগম (২৭) নামে এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ৯টার দিকে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কে শ্রমিকদের আন্দোলন চলাকালে হাওয়া বেগম আহত হন। তিনি মিরপুর-১৩ নম্বর সেকশনের একটি পোশাক কারখানার অপারেটর।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বরের এম/১৬-এ লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হাসান বলেন, ‘শ্রমিকদের সড়ক অবরোধ এবং জানমালের ক্ষতি না করার জন্য বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তাঁরা পুলিশের কথা না শুনে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আত্মরক্ষার্থে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।’
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক, ছয়দানা, হারিকেন ও গাছায় শ্রমিকরা গতকাল সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধেরও চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল ১০টার দিকে মালেকের বাড়ী এলাকায় ফের আন্দোলনে নামেন শ্রমিকরা। একই সময়ে ছয়দানা, বাসন সড়ক ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে ছয়দানা মালেকের বাড়ী এলাকায় আন্দোলনকারীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে বহন করা একটি পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশের জলকামান থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ১২টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আজও (বুধবার) প্রায় ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাভার প্রতিনিধি জানান, সকালে বিভিন্ন পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু হলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে সাভার-আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল থেকে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুরে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পুলিশ কয়েকটি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন ২০ জন। এদিকে শ্রমিক অসন্তোষ ও পরিস্থিতির কারণে আশুলিয়ার অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায়ও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সেখানে পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে তাঁদের সড়কে অবস্থান করতে দেওয়া হয়নি।’ এদিকে সাভারের রাজফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। একাধিক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ৪০ কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৬০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলেও জানা গেছে।
টঙ্গী প্রতিনিধি জানান, গতকাল সকালে টঙ্গী-গাজীপুরায় আন্দোলনে নামেন শ্রমিকরা। এ সময় সাটার্ন কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তাঁরা মহাসড়ক থেকে সরে যান