নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল, লিফটের চারপাশের ঘেরাওসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।
হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে ভেতরে ঢুকতে পারেননি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তারাও ওই ভবনে ছিলেন।
মামুন পাটোয়ারী বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী সেখানে এসে হামলা চালান। এ সময় তারা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।
তিনি আরও দাবি করেন, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও ভাঙচুরের অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর অভিযোগ, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। কারণ, ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই বেশি ভাঙচুর করা হয়েছে। এমনকি ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভাঙচুর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।